চুয়াডাঙ্গার জীবননগরে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এক মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
​শনিবার বিকেল ৫টায় মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জীবননগর থানা ও ৭ নম্বর মনোহরপুর ইউনিয়নবাসীর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে একজন নারীসহ মোট ১৭ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেন।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা ও জীবননগর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নুরুউল্লাহ্ এবং জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ।
​প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, "মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনী একা যথেষ্ট নয়, এর জন্য সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। সামাজিক সচেতনতা ও প্রতিরোধের মাধ্যমেই মাদক মুক্ত সমাজ গড়া সম্ভব।"
​অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। আত্মসমর্পণকারীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সমাজের মূল স্রোতে ফিরে আসার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

--------------------------------
তৌহিদ তুহিন / চু্য়াডাঙ্গা প্রতিনিধি