মাগুরা প্রতিনিধি :

মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের দেউলী এলাকায় মধুমতি নদীর ভাঙনে একটি কার্পেটিং সড়কের প্রায় ৫০ গজ অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে দেউলী, যশোবন্তপুর ও কালিশংকরপুর গ্রামের সঙ্গে ঝামা বাজারের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। প্রায় ১০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) সকালে দেখা যায়, সড়কের বড় একটি অংশ নদীতে ভেঙে পড়েছে। আগে যেখানে ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করত, এখন সেখানে মানুষ হেঁটে বা সাইকেল কাঁধে নিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করছেন।

স্থানীয়দের মতে, কয়েক দিনের টানা বৃষ্টিতে জমে থাকা পানির প্রবল স্রোত এবং মধুমতি নদীর তীব্র ভাঙনের কারণে সড়কটি ধসে গেছে।

এদিকে ধসে যাওয়া সড়কের পাশ দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা চলাচল করছে। এছাড়া নদীভাঙনের কারণে এলাকার একটি মসজিদ ও গোরস্তানও হুমকির মুখে পড়েছে।

স্থানীয়রা জানান, প্রতি বছরই এ এলাকায় নদীভাঙনে সড়ক ও আবাদি জমির ক্ষতি হয়। তাই শুধু সড়ক সংস্কার নয়, স্থায়ী তীররক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী বলেন, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। পানি উন্নয়ন বোর্ড ও এলজিইডির সঙ্গে সমন্বয় করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।