রাবিপ্রবি প্রতিনিধিঃ

 শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্পৃক্ত করতে বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারত্ব জোরদারের উদ্যোগ নিয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)। অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরতে আয়োজিত এক ব্রিফিং সেশনে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, আগামী দিনে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক প্রশিক্ষণের নতুন ক্ষেত্র তৈরির ওপর জোর দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১-এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ব্রিফিং সেশনে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।


সভায় উপাচার্য বলেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষার মান অনেকাংশে নির্ভরশীল আন্তর্জাতিক সহযোগিতা, গবেষণা, উদ্ভাবন এবং বৈশ্বিক নেটওয়ার্কে সক্রিয় অংশগ্রহণের ওপর। অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলো পরিদর্শনের মধ্য দিয়ে রাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার চিহ্নিত করা গেছে বলে তিনি জানান।


তিনি বলেন, ভবিষ্যতে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, অনলাইন প্রশিক্ষণ, যৌথ সেমিনার, গবেষণা কর্মশালা ও দক্ষতা উন্নয়নমূলক নানা কার্যক্রম পরিচালনার পথ খুলতে পারে। এসব উদ্যোগ শিক্ষার্থীদের আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন এবং শিক্ষকদের গবেষণা সক্ষমতা বাড়াতে সহায়ক হবে বলে মনে করেন তিনি।


উপাচার্য আরও বলেন, বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারত্ব গড়ে উঠলে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করতে পারবে। পাশাপাশি বিদেশি গবেষকদের সঙ্গে একযোগে কাজ করার সুযোগ তৈরি হলে বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানও সমৃদ্ধ হবে।


ব্রিফিংয়ে জানানো হয়, অস্ট্রেলিয়ান প্রফেশনাল অপরচুনিটি (APO) কর্মসূচির আওতায় গত ১৩ থেকে ২৬ জুন উপাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অস্ট্রেলিয়া সফর করে। দলে ছিলেন ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. নিখিল চাকমা এবং ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সপ্তর্ষি চাকমা।


সফর শেষে আয়োজিত ব্রিফিংয়ে তারা পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, গবেষণা অবকাঠামো এবং আন্তর্জাতিক সহযোগিতামূলক কার্যক্রম তুলে ধরেন।


তারা জানান, অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের একাডেমিক অর্জনের পাশাপাশি নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা, উদ্ভাবনী চিন্তা এবং কর্মসংস্থান-প্রস্তুতির ওপরও সমান গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিতে কাউন্সেলিং সেবা ও ক্যারিয়ার পরিকল্পনা সংক্রান্ত বিশেষায়িত সহায়তাও সেখানকার একাডেমিক কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ বলে জানান বক্তারা।


তারা বলেন, এসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাবিপ্রবিতেও শিক্ষার্থীদের জন্য আধুনিক ও সহায়ক শিক্ষা পরিবেশ গড়ে তোলা সম্ভব।


উপস্থাপনায় আরও জানানো হয়, যৌথ গবেষণা, যৌথ পিএইচডি তত্ত্বাবধান, স্বল্পমেয়াদি প্রশিক্ষণ, গবেষণা ফেলোশিপ, আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ এবং অনলাইন একাডেমিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সহযোগিতার সুযোগ রয়েছে। বিশেষত বন ও পরিবেশ, জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি, কৃষি, পানি ব্যবস্থাপনা, স্বাস্থ্য, উদ্যোক্তা উন্নয়ন ও টেকসই উন্নয়ন বিষয়ক গবেষণায় যৌথভাবে কাজ করার সম্ভাবনার কথা তুলে ধরা হয়।


ব্রিফিংয়ে জানানো হয়, সফরকালে প্রতিনিধিদল University of Melbourne, Deakin University, Monash University, Griffith University, University of New South Wales (UNSW), University of Wollongong এবং Charles Darwin University পরিদর্শন করে। এসব প্রতিষ্ঠানের ডিন, গবেষক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক ও মতবিনিময় সভায় অংশ নেয় প্রতিনিধিদলটি।


সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিক সহযোগিতা কেবল বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিই নয়, বরং শিক্ষক-শিক্ষার্থীদের বৈশ্বিক দক্ষতা অর্জন, গবেষণার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


সমাপনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী বলেন, অস্ট্রেলিয়া সফরে গড়ে ওঠা যোগাযোগকে বাস্তব সহযোগিতায় রূপ দেওয়াই এখন মূল লক্ষ্য। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্তর্জাতিক গবেষণা, প্রশিক্ষণ ও এক্সচেঞ্জ প্রোগ্রামের সুযোগ কাজে লাগাতে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।


তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে অংশীদারত্বের মধ্য দিয়ে রাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষার সুযোগ, গবেষণা সহযোগিতা এবং দক্ষতা উন্নয়নের ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে।