ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণের আয়োজন করেছে ফাইন আর্টস বিভাগ। বুধবার (১৫ জুলাই) দুপুর ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের ৪২৭ নম্বর কক্ষে এর আয়োজন করে বিভাগটি।
এসময় উপস্থিত ছিলেন ফাইন আর্টস বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান, সহকারী অধ্যাপক ইমতিয়াজ ইসলাম, সহকারী অধ্যাপক রায়হান উদ্দিন ফকির, সহকারী অধ্যাপক তানিয়া আফরোজ, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, প্রভাষক অনিন্দিতা হাবিব।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদেরকে বিভিন্ন প্রকার গাছ, ফুল, সিলেবাস ও ফাইল কোডসহ অন্যান্য উপহারসামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়া বিভাগের শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, জিএসটি গুচ্ছভুক্ত ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশব্যাপী একযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে ক্লাস উদ্বোধন হলো। তারই অংশ হিসেবে আমরা আজকে ক্লাস উদ্বোধন করেছি। আজকে খুব সাদামাটাভাবে একটি অনুষ্ঠান করেছি, যেখানে আমরা অ্যাকাডেমিক এক্সিলেন্সকে প্রাধান্য দিয়েছি৷
তিনি আরও বলেন, আমরা কাছে থেকে ছাত্র-ছাত্রীদের চেহারায় ও দৃষ্টিতে তাদের যে প্রত্যাশা দেখেছি, তাতে আমরা খুবই আনন্দিত এবং অভিভূত। আশা করি, নিকট ভবিষ্যতে তারা অ্যাকাডেমিক এক্সিলেন্সি এবং নৈতিক সৃজনশীলতায় বিশ্ববিদ্যালয়ে একটি গৌরবময় ভূমিকা রাখতে পারবে। আমরা প্রত্যাশা করি, শিক্ষার্থীরা নৈতিকভাবে কখনও পথচ্যুত হবে না। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীরা সুনামের তাদের শিক্ষাজীবনে এগিয়ে যাবে৷
-----------------------------------
মোহাম্মদ সবুজ / ই.বি. প্রতিনিধি