নিউজ ডেস্ক :

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধের পর ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আলোচনার জন্য শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলকে ভেতরে যাওয়ার অনুরোধ জানানো হলেও তারা তা প্রত্যাখ্যান করেন।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করলে ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

ঢাকা আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী বলেন, তাদের প্রধান দাবি হলো শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শিক্ষাবান্ধব একজন ব্যক্তিকে নতুন শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া।

এদিকে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা জানান, শিক্ষার্থীদের দাবি শিক্ষা বোর্ডের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। এরপরও তারা বোর্ডের সামনে অবস্থান করছেন। পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে পুলিশ কাজ করছে।