ডেস্ক রিপোর্ট :
চট্টগ্রামের চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম সেনানিবাস থেকে বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ির দুর্গম এলাকায় ত্রাণ ও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হয়।
সেনাবাহিনী জানায়, প্রায় ৫০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া প্রায় ১ হাজার মানুষকে জরুরি চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দিতে এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানানো হয়েছে।
টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও উজানের পানিতে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বোয়ালখালী, হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া, সাতকানিয়া, বাঁশখালী ও চন্দনাইশ এলাকা। অনেক সড়ক পানির নিচে চলে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে এবং হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
এদিকে, বন্যাকবলিত এলাকায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থাও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ ও চিকিৎসাসেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।