ডেস্ক নিউজ :
চট্টগ্রামের লোহাগাড়ায় টানা বৃষ্টি ও বন্যার পানিতে আটকে পড়া এক প্রসূতি নারীকে কাঁধে করে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়েছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে উপজেলার পশ্চিম আমিরাবাদ ইউনিয়নের খৈয়ারকুল গ্রামে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া প্রসূতি মিজবাহুল জান্নাত (২২) সৌদি প্রবাসী রিয়াজ উদ্দিনের স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, রাত ২টার দিকে তার প্রসববেদনা শুরু হয়। কিন্তু টানা বৃষ্টি ও বন্যার পানিতে রাস্তা তলিয়ে যাওয়ায় তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছিল না। পরে ভোরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বুকসমান পানি পেরিয়ে স্ট্রেচারে করে তাকে কাঁধে বহন করে নিরাপদ স্থানে নিয়ে আসে। এরপর আগে থেকেই প্রস্তুত রাখা অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে পাঠানো হয়।
লোহাগাড়া ফায়ার সার্ভিস জানায়, দ্রুত সময়ের মধ্যে অভিযান চালিয়ে নিরাপদে প্রসূতিকে হাসপাতালে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।