পঞ্চগড়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রচারণামূলক পোস্টার টানানোর অভিযোগে ২৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। ঘটনার পরপরই পোস্টারগুলো জব্দ করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত ও অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ জুন বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, পঞ্চগড় সদর উপজেলার ৩ নম্বর সদর ইউনিয়নের হেলিবোর্ড বাজারসংলগ্ন শিংপাড়া স্কেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র এলাকায় কয়েকটি স্থাপনায় রঙিন পোস্টার লাগানো হয়েছে। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে এসআই মো. আসাদুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টির সত্যতা নিশ্চিত করে।
পরে ঘটনাস্থল থেকে তিনটি পোস্টার জব্দ করা হয়। পোস্টারগুলো স্কেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্রের নামফলক, পরিত্যক্ত স্কেল লোড অফিসের গেট এবং একটি লোহার তৈরি ত্রিভুজাকার ট্রাফিক সিগন্যালের ওপর আঠা দিয়ে লাগানো ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার নথিতে বলা হয়েছে, পোস্টারগুলোতে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি, নৌকা প্রতীক এবং ‘২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রতিষ্ঠাবার্ষিকী’, ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান ব্যবহার করা হয়েছিল। পুলিশের অভিযোগ, এগুলো নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম প্রচার ও সমর্থনের উদ্দেশ্যে টানানো হয়েছিল।
এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলায় ২৩ জনকে নামীয় আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ধারায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
--------------------------------------
আশিকুর রহমান রনি / পঞ্চগড় প্রতিনিধি