ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হিট প্রকল্পের আওতায় ক্যাম্পাসের আবাসিক হলগুলোতে নিরবচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে ৫ কিলোমিটার ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ. টি. এম. মিজানুর রহমান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী এবং ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী এ. কে. এম. শরীফ উদ্দিন।

কর্তৃপক্ষ জানান, হিট প্রকল্পের অধীনে বিশ্ববিদ্যালয়ের হলের প্রতিটি কক্ষে দ্রুত গতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে এই প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রকল্পটির দুটি প্রধান ধাপ রয়েছে। প্রথমত, প্যাসিভ ডিভাইস স্থাপনের কাজ করছে। দ্বিতীয় ধাপে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার লাইন স্থাপনের কাজ শুরু হয়েছে। এখন থেকে দুটি অংশের কাজ সমান্তরালে চলবে এবং প্যাসিভ ডিভাইসের কাজ শেষ হওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট স্থানে অ্যাক্টিভ ডিভাইস চালু করা হবে।

উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম. মতিনুর রহমান বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের একাডেমিক কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার্থীদের নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করছি, এই প্রকল্প দ্রুততার সাথে সম্পন্ন হবে এবং শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ অনেক বেশি সমৃদ্ধি করার মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রযুক্তিগত দিক থেকে আরও একধাপ এগিয়ে যাবে।

--------------------------------------
মোহাম্মদ সবুজ / ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি