ডেস্ক নিউজ :
শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষার সময় কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম ঠেকাতে পুলিশ বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবে।
বৃহস্পতিবার (২৫ জুন) বরিশালে এইচএসসি পরীক্ষা উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, প্রশ্নফাঁস রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা, কন্ট্রোল রুম ও মনিটরিং ব্যবস্থা রাখতে হবে। পাশাপাশি ভিডিও ফুটেজ সংরক্ষণ করতে হবে, যাতে পরবর্তীতে কোনো অভিযোগ এলে তা যাচাই করা যায়।
সভায় শিক্ষামন্ত্রী দক্ষ শিক্ষার্থী গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষকদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এবং আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে হবে।