মাগুরা প্রতিনিধি :
দীর্ঘ ১৫ বছর বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে মাগুরা-নড়াইল সড়কে সরাসরি বাস চলাচল। এতে দুই জেলার মানুষের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
শনিবার (২০ জুন) দুপুরে মাগুরা শহরের চাউলিয়া বাসস্ট্যান্ডে আয়োজিত এক অনুষ্ঠানে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান আনুষ্ঠানিকভাবে বাস সার্ভিসটির উদ্বোধন করেন।
মাগুরা জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ ও নড়াইল জেলা বাস মালিক সমিতির যৌথ উদ্যোগে এই বাস সার্ভিস চালু করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি মনোয়ার হোসেন খান বলেন, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় দুই জেলার মানুষের যোগাযোগ সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে।
স্থানীয় যাত্রীরা জানান, আগে নড়াইল যেতে একাধিকবার যানবাহন পরিবর্তন করতে হতো। এখন সরাসরি বাস চালু হওয়ায় সময় ও খরচ দুটোই কমবে।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, প্রাথমিকভাবে কয়েকটি বাস চলাচল করবে। যাত্রী সংখ্যা বাড়লে বাসের সংখ্যাও বৃদ্ধি করা হবে। দীর্ঘদিন পর সরাসরি বাস সার্ভিস চালু হওয়ায় মাগুরা ও নড়াইলবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।