পঞ্চগড় সদর উপজেলার জগদল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও জগদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ২৪টি দোকানঘর অবৈধভাবে দখলের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা এ কর্মসূচিতে অংশ নেন।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে জগদল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সামনে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে বিদ্যালয় দুটির ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জগদল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, ইউনিয়ন পরিষদ সদস্য বেলাল হোসেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এইচ. এম. একরামুল হকসহ শিক্ষার্থী ও স্থানীয় প্রতিনিধিরা।
বক্তারা অভিযোগ করেন, ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত জগদল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য জগদল বাজারে ৬২টি দোকানঘর নির্মাণ করা হয়। এসব দোকান থেকে প্রাপ্ত ভাড়া বিদ্যালয়ের উন্নয়ন তহবিলে জমা হতো এবং সেই অর্থ দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করা হতো।
তাদের দাবি, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর একটি প্রভাবশালী চক্র বিদ্যালয়ের ১৭টি এবং জগদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭টি দোকানঘরসহ মোট ২৪টি দোকান অবৈধভাবে দখল করে নেয়। এ সময় পূর্বের ভাড়াটিয়া ব্যবসায়ীদের উচ্ছেদ করে দোকানগুলোতে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরে দখলকৃত কিছু দোকান নিজেদের মালিকানা দাবি করে ছোট ছোট অংশে বিভক্ত করে নতুন করে ভাড়া দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, দোকানগুলো বেদখল হওয়ার ফলে দীর্ঘদিনের ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে কর্মহীন হয়ে পড়েছেন। বিষয়টি নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে একাধিকবার অভিযোগ ও আবেদন করলেও কোনো কার্যকর সমাধান হয়নি।
এ অবস্থায় বিদ্যালয়ের সম্পত্তি উদ্ধার এবং দখলমুক্ত করে প্রকৃত মালিকানা ফিরিয়ে দিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
------------------------------
আশিকুর রহমান রনি / পঞ্চগড় প্রতিনিধি