মাগুরা প্রতিনিধি :
মাগুরা জেলা কারাগারে বন্দি স্ত্রীর কাছে গাঁজা পৌঁছে দেওয়ার চেষ্টা করতে গিয়ে দবির মোল্যা নামে এক ব্যক্তি আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে মাগুরা জেলা কারাগারের আরপি গেটে এ ঘটনা ঘটে।
আটক দবির মোল্যা মাগুরা সদর উপজেলার জুঁইতড়া গ্রামের বাসিন্দা। কারাগারে বন্দি থাকা তার স্ত্রী তন্বী খাতুনের সঙ্গে দেখা করতে গেলে কারারক্ষীরা তাকে তল্লাশি করেন। এ সময় তার পকেট থেকে প্রায় ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দবির মোল্যাকে ৪ মাসের কারাদণ্ড দেন।
জানা গেছে, তন্বী খাতুন মাদক সংক্রান্ত একটি মামলায় কয়েকদিন আগে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। পুলিশ ও কারা কর্তৃপক্ষের ধারণা, কারাগারের ভেতরে মাদক সরবরাহের উদ্দেশ্যেই গাঁজা নেওয়ার চেষ্টা করা হয়েছিল।