আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে এবং বিচারকদের সিদ্ধান্তে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।
মঙ্গলবার (২৬ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের বিচারকরা সাংবিধানিকভাবে স্বাধীন। তাদের পোস্টিং বা শৃঙ্খলাজনিত বিষয়ে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। বিচারকরা নিজেদের বিবেক, যুক্তি ও প্রজ্ঞা অনুযায়ী রায় দেন।
তিনি আরও বলেন, সরকার দেশের সবচেয়ে বেশি মামলার পক্ষ হলেও অনেক মামলায় সরকারের বিরুদ্ধেই রায় হয়েছে। এতে প্রমাণ হয় বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে।
মামলার দীর্ঘসূত্রতা নিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে। জজ ও আইনজীবীর সংখ্যা কম হওয়ায় মামলার জট তৈরি হচ্ছে।
এ সময় রামিসা হত্যা মামলার ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।