মাগুরা প্রতিনিধি :
ঝিনাইদহে একটি পরিত্যক্ত ট্রাকের ভেতর থেকে গলিত লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। তদন্তে জানা গেছে, এটি ছিল পরিকল্পিত ছিনতাই ও হত্যাকাণ্ড।
সোমবার (২৫ মে) মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এসব তথ্য জানান।
পুলিশ জানায়, গত ২০ মে ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার কোলাবাজার এলাকায় একটি পরিত্যক্ত ট্রাক থেকে গলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে তদন্তে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। তিনি যশোরের ট্রাকচালক আব্দুর রহমান।
জানা গেছে, গত ১৬ মে তিনি নারায়ণগঞ্জ থেকে প্রায় ১৯ লাখ টাকার ভোজ্যতেল নিয়ে মাগুরার উদ্দেশ্যে রওনা দেন। এরপর ফরিদপুরের কামারখালি সেতু পার হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
পরে মাগুরা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট তদন্ত শুরু করে। টানা অভিযানের পর মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি এলাকা থেকে আজাদ হোসেন হিটলার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার আরও তিন সহযোগীকেও আটক করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকা থেকে ৪৫টি তেলের ব্যারেল, কয়েকটি খালি ব্যারেল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।