মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) হিসাববিজ্ঞান বিভাগের আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। আজ অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ফাইনালে ষষ্ঠ ব্যাচ ‘সলস্টিস’ দলকে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ১ম ব্যাচ ‘অপরাজেয়’।

একই সাথে বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ এবং হিসাববিজ্ঞান বিভাগের আন্তঃব্যাচ ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট শান্তিপূর্ণভাবে সমাপ্তি উপলক্ষে বিভাগের পক্ষ থেকে এক জমকালো নৈশভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. শহীদুল ইসলাম । আমন্ত্রিত অতিথি ও বিভাগের শিক্ষকরাই উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন এবং পুরো আয়োজনটি সম্পন্ন করেন।

হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রোস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন এবং হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুল ইসলাম। এছাড়াও উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বিভাগের প্রভাষক ড. মো. আব্দুল কুদ্দুস, মো. আব্দুল হালিম, সোহানা ইসলাম সুমনা ও আফসানা সীমা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রোস্তম আলী। তিনি বলেন, শিক্ষা জীবনের অন্যতম অনুষঙ্গ হলো সহ-শিক্ষা কার্যক্রম। মাঠের এই সুস্থ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বগুণ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে। ক্রিকেট ও ফুটবলের এই দুটি টুর্নামেন্ট যেভাবে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। ১ম ব্যাচের বিদায়ী মুহূর্তের এই জয় এবং ষষ্ঠ ব্যাচের লড়াকু মানসিকতা আমাদের বিভাগের ক্রীড়া ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করলো। আমি আশা করি, আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতেও পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে বিভাগের নাম উজ্জ্বল করবে।


পুরস্কার বিতরণী পর্ব শেষে আমন্ত্রিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক উৎসবমুখর নৈশভোজের মাধ্যমে বর্ণাঢ্য এই আয়োজনের সমাপ্তি ঘটে।


--------------------------------

 (মো:জিসান রহমান / প্রতিনিধি মাভাবিপ্রবি)