পঞ্চগড়ে আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস উপলক্ষে ইয়োগা রানআপ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ভারতীয় হাই কমিশন ও পঞ্চগড় জেলা পরিষদের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী কমিশনার মনোজ কুমার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সিফাত ই রাব্বান, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও যোগব্যায়াম অনুশীলনকারীরা।

আলোচনা পর্বে বক্তারা বলেন, আধুনিক জীবনের ব্যস্ততা ও মানসিক চাপ থেকে মুক্ত থাকতে নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই। যোগ ব্যায়াম মানুষের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধিতেও কার্যকর ভূমিকা রাখে।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, মানুষের সুস্থ জীবন নিশ্চিত করতে খেলাধুলা ও নিয়মিত ব্যায়ামের গুরুত্ব অনেক বেশি। তিনি যোগচর্চাকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করার আহ্বান জানিয়ে বলেন, একসঙ্গে দলবদ্ধভাবে শরীরচর্চা করলে আগ্রহ ও উদ্দীপনা আরও বাড়ে।

তিনি আরও বলেন, রাজশাহী থেকে পঞ্চগড়ে এসে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী কমিশনার মনোজ কুমার প্রশংসার দাবিদার। এ ধরনের আয়োজন সাধারণ মানুষের মাঝে যোগ ব্যায়াম সম্পর্কে সচেতনতা তৈরিতে সহায়ক হবে।

ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী কমিশনার মনোজ কুমার বলেন, আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস এখন বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে। এ ধরনের আয়োজন বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

পরে পঞ্চগড় ইয়োগা ক্লাবের সদস্যরা যোগ ব্যায়ামের বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। তাদের পরিবেশনা দেখতে উৎসুক দর্শকদের ভিড় লক্ষ্য করা যায়। বিভিন্ন বয়সী অংশগ্রহণকারীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।


-----------------------------

(আশিকুর রহমান রনি / পঞ্চগড় প্রতিনিধি