রাবিপ্রবি প্রতিনিধি:
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।
বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ধারা ১০(১) অনুযায়ী তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে তিনি চার বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন। এই সময়ে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন। তবে প্রয়োজনে যেকোনো সময় মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এই নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহে ট্রেজারারের দায়িত্ব পালন করেন। দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতায় তিনি শিক্ষক-শিক্ষার্থী মহলে একজন আস্থাভাজন ও পরিচিত মুখ।