“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ — জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বরে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি পালন করা হয়

সকাল সাড়ে ৯টায় হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পঞ্চগড় নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে এবং বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড় হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কর্মরত নার্স ও নার্সিং শিক্ষার্থীরা অংশ নেন।

র‍্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক মোছা. আমেনা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রিনা। এছাড়াও বক্তব্য রাখেন হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) ডা. মনসুর আলম, নার্স কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নার্সরা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। দিন-রাত রোগীদের সেবায় নিয়োজিত থেকেও অনেক সময় তাদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে, যা অত্যন্ত দুঃখজনক। তাই নার্সদের পেশাগত নিরাপত্তা, মর্যাদাসুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা

আলোচনা সভায় আরও বলা হয়, স্বাস্থ্যখাতে নার্সদের ভূমিকা আরও শক্তিশালী ও কার্যকর করতে তাদের ক্ষমতায়নের বিকল্প নেই। আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে প্রতিবছরের মতো এবারও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হচ্ছে

------------------------------
(আশিকুর রহমান রনি / পঞ্চগড় প্রতিনিধি