ঢাকার মাটিতে বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপে দারুণ নৈপুণ্য দেখিয়ে স্বপ্নের ফাইনালে জায়গা করে নিয়েছে পঞ্চগড়ের টুস্টার বোদা উপজেলা ফুটবল একাডেমি।
বুধবার অনুষ্ঠিত সেমিফাইনালে খুলনার শক্তিশালী এস.বি আলী ফুটবল একাডেমিকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে দলটি। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে চাপে রাখে টুস্টার বোদা একাডেমি।
দলের এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান কোচ মোফাজ্জল হোসেন বিপুলের। তাঁর দূরদর্শী কৌশল, সুসংগঠিত পরিকল্পনা এবং কার্যকর নেতৃত্বে প্রথমবার অংশ নিয়েই টুর্নামেন্টে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে দলটি।
গ্রুপ পর্বে প্রথম ম্যাচে মরহুম ফরহাদ হোসেন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমির সঙ্গে ২-২ গোলে ড্র করে যাত্রা শুরু হয়। পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে গোলাকান্দাইল ফুটবল একাডেমিকে ৯-০ গোলের বিশাল ব্যবধানে হারায় তারা। এরপর সেমিফাইনালে আবারও দাপট দেখিয়ে এস.বি আলী ফুটবল একাডেমিকে ৬-০ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।
এ পর্যন্ত তিন ম্যাচে মোট ১৭ গোল করে আক্রমণভাগের শক্তির পরিচয় দিয়েছে টুস্টার বোদা একাডেমি। বিশেষ করে এক ম্যাচে ৯ গোল করার রেকর্ডটি টুর্নামেন্টের অন্যতম সেরা পারফরম্যান্স হিসেবে বিবেচিত হচ্ছে।
এখন সকল নজর ফাইনালের দিকে। শেষ ম্যাচেই নির্ধারিত হবে তাদের স্বপ্নপূরণের গল্প। পঞ্চগড়বাসীর প্রত্যাশা, কোচ মোফাজ্জল হোসেন বিপুলের হাত ধরে দলটি চ্যাম্পিয়ন হয়ে জেলায় গৌরব বয়ে আনবে।
অসাধারণ ধারাবাহিক পারফরম্যান্সে ইতোমধ্যেই নজর কাড়েছে টুস্টার বোদা উপজেলা ফুটবল একাডেমি। এখন শুধু অপেক্ষা ফাইনালের, যেখানে জয়ের মধ্য দিয়েই লেখা হতে পারে পঞ্চগড়ের নতুন এক ইতিহাস।
---------------------------
(আশিকুর রহমান রনি / পঞ্চগড় প্রতিনিধি)