রাজশাহী ও রংপুর বিভাগের আদিবাসী ও বাঙালি জনগোষ্ঠীর স্বাস্থ্য পরিস্থিতি ও জীবনমানের বৈষম্য নিরূপণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) একটি গবেষণা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘আদিবাসী ও অ-আদিবাসী জনগোষ্ঠীর স্বাস্থ্য ও জীবনমান’ বিষয়ক পরিবারভিত্তিক তুলনামূলক সমীক্ষার সূচনা উপলক্ষে এ আয়োজন করা হয়।

সমীক্ষায় বিভিন্ন আদিবাসী জাতিগোষ্ঠীর জীবনযাত্রা, স্বাস্থ্যসেবা, পুষ্টি, শিক্ষা ও সামাজিক নিরাপত্তার তথ্য সংগ্রহ করে বাঙালি জনগোষ্ঠীর সঙ্গে তুলনা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এম সায়েদুর রহমান, রাবির প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন এবং প্রো-ভিসি (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মো: ফরিদ উদ্দিন খান।

বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে তথ্যভিত্তিক গবেষণা জরুরি এবং এ গবেষণা ভবিষ্যৎ নীতিনির্ধারণে সহায়ক হবে।

অনুষ্ঠানে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মেহনাজ তাবাসসুমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. মো: গোলাম হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. আবু সাঈদ মো: আল মামুন। এছাড়া ভার্চুয়ালি যুক্ত ছিলেন ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. প্রেমানন্দ ভারতী।

(ঈশান মাহমুদ / এনবিআইইউ প্রতিনিধি)