পঞ্চগড় সরকারি মহিলা কলেজের একজন শিক্ষার্থীকে ইভটিজিংয়ের অভিযোগে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো একমাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি পঞ্চগড় সদর ইউনিয়নের ডুডুমারি এলাকার জহিরুল ইসলামের ছেলে আবুল হাসান (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, কলেজের উত্তর পাশের রাস্তায় শিক্ষার্থীকে দেখে বিভিন্ন ধরনের খারাপ অঙ্গভঙ্গি ও একপর্যায়ে কুপ্রস্তাব দেয় হাসান। এতে শিক্ষার্থী চিৎকার করলে স্থানীয়রা তাকে আটক করে কলেজে নিয়ে আসে। পরে খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরবর্তীতে আমলি আদালত, পঞ্চগড়-১-এর বিচারক আরিফ হোসেন মুন্না ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড প্রদান করেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। একই সঙ্গে এমন অপরাধের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত হওয়ায় সচেতন মহল ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।


(আশিকুর রহমান রনি / পঞ্চগড় প্রতিনিধি)