পঞ্চগড় সদর উপজেলার ব্যারিস্টার কলেজ মাঠে কৃষকদের জন্য এক গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) আয়োজিত  অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালী এ কর্মসূচীর উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পঞ্চগড়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, কৃষকদের আর্থিক সহায়তা নিশ্চিত করা এবং কৃষি কার্যক্রমকে আরও সহজ ও আধুনিক করার লক্ষ্যে সরকার প্রতিশ্রুত এ উদ্যোগ ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের অর্থনীতিতে কৃষকদের অবদান অনস্বীকার্য। সরকার কৃষকদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। কৃষক কার্ড চালুর ফলে কৃষকরা সহজেই ভর্তুকি, ঋণসহ নানা সরকারি সুবিধা গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কচ্চু, যুগ্ম আহ্বায়ক মজিদ ও এড. মির্জা নাজমুল ইসলাম কাজলসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা কৃষি খাতের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
কৃষকদের জন্য নেওয়াধরনের উদ্যোগ তাদের জীবনমান উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা

-----------------------
(আশিকুর রহমান রনি / পঞ্চগড় প্রতিনিধি)