আজ ১৪ এপ্রিল মঙ্গলবার নলছিটির চায়না মাঠে বর্ণিল ৫-৭ দিনের মেলা আয়োজন অনুষ্ঠিত হচ্ছে বৈশাখি মেলা। বাংলা নববর্ষকে ঘিরে আয়োজিত এ মেলায় নানা আয়োজনের পাশাপাশি দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে শহীদ শরীফ ওসমান হাদি স্মৃতি মঞ্চ-এর স্টল।
স্টলটিতে সকালে পরিবেশন করা হচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা ভাত, যার সঙ্গে থাকছে কলা, আলু ভর্তা, ইলিশসহ বিভিন্ন মুখরোচক পদ। গ্রামীণ স্বাদের এই আয়োজন মেলায় আগত দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই পরিবার-পরিজন নিয়ে এসে এ খাবারের স্বাদ গ্রহণ করছেন এবং পুরোনো দিনের স্মৃতিতে ফিরে যাচ্ছেন।
অন্যদিকে বিকেলে স্টলটিতে পাওয়া যাচ্ছে শহীদ শরীফ ওসমান হাদির লেখা “লাভায় লালশাক পুবের আকাশ” বইটি, যা পাঠকদের মাঝে আগ্রহ সৃষ্টি করেছে। এছাড়াও স্টলে রয়েছে শহীদ ওসমান হাদির বিভিন্ন বাণী প্রিন্ট করা টি-শার্ট, যা দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে।
মেলায় আগত দর্শনার্থীরা জানান, এই স্টলটি শুধু খাবার বা কেনাকাটার জায়গা নয়, বরং এটি এক ধরনের সাংস্কৃতিক মিলনমেলা। আয়োজকরাও আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মের কাছে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও পরিচিত করে তুলবে।
সার্বিকভাবে বলা যায়, নলছিটির বৈশাখি মেলায় শহীদ শরীফ ওসমান হাদি স্মৃতি মঞ্চের এই ব্যতিক্রমী আয়োজন দর্শনার্থীদের মাঝে নতুন মাত্রা যোগ করেছে এবং মেলার অন্যতম আকর্ষণ হিসেবে স্থান করে নিয়েছে।
------------------
(এম নাফিউল কাজী / ঝালকাঠি জেলা প্রতিনিধি)