প্রকৃতির নীরব সৌন্দর্যে ঘেরা বার্গি লেক ভ্যালি যেন পরিণত হয়েছিল জ্ঞান, অভিজ্ঞতা ও স্বপ্ন বিনিময়ের এক অনন্য মিলনমেলায়। শনিবার (৪ এপ্রিল) রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  সাংবাদিক সমিতির (রাবিপ্রবিসাস) উদ্যোগে উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয় এ মিলনমেলার। 


এই আয়োজনটি কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ ছিল না, বরং এটি ছিল ভবিষ্যৎ সাংবাদিকতার জন্য একটি দিকনির্দেশনামূলক সেশন, যেখানে অভিজ্ঞতা, দায়িত্ববোধ এবং পেশাদারিত্বের বাস্তব চিত্র তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন রাবিপ্রবিসাসের সভাপতি মোঃ আয়নুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্চিতা চক্রবর্তী, অর্থ সম্পাদক আদিত্য চৌধুরী, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক অর্ণব ঘাগ্রা এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আমাতুল্লাহ ফারাবী ঈশা।


আলোচনায় উঠে আসে সাংবাদিকতার নৈতিকতা, তথ্য যাচাইয়ের গুরুত্ব, নিরপেক্ষতা বজায় রাখার কৌশল এবং ক্যাম্পাস সাংবাদিকতার নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনা। 


নতুন শিক্ষানবিশদের বিভিন্ন প্রশ্ন,কৌতূহল ও ভাবনাকে গুরুত্ব দিয়ে সিনিয়র সদস্যরা তাদের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন। এর ফলে নতুনদের মধ্যে তৈরি হয় আত্মবিশ্বাস, দায়িত্ববোধ এবং কাজের প্রতি নতুন উদ্দীপনা।


বার্গি লেকের নির্মল পরিবেশ এই আয়োজনকে এনে দিয়েছিল ভিন্ন মাত্রা। প্রকৃতির সান্নিধ্যে এমন একটি শিক্ষামূলক মিলনমেলা নতুনদের মনে জোগাবে প্রেরণা।


সবশেষে বলা যায়, এই দিনব্যাপী মিলনমেলা শুধু একটি দিনের ঘটনা নয়,বরং ভবিষ্যৎ পথচলার প্রেরণা জোগানো এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে সবার স্মৃতিতে।


--------------------

(অর্ণব ঘাগ্রা / রাবিপ্রবি প্রতিনিধি)