পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ভিত্তিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন–এর উদ্যোগে এবং যুক্তরাষ্ট্রভিত্তিক, সিলেট থেকে পরিচালিত পরিজন প্রাইভেট ফাউন্ডেশন–এর সৌজন্যে ঈদের নতুন জামা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) নবজাগরণ শিক্ষা নিকেতন, নতুন বুধপাড়া প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে মোট ৪০ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদের নতুন পোশাক ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। গত বছরের ন্যায় এ কর্মসূচিতে বিতরণকৃত সকল পোশাকের সম্পূর্ণ ব্যয় বহন করেছে পরিজন প্রাইভেট ফাউন্ডেশন।


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ড. মো: মনিমুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়, নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা ও সাবেক সভাপতি প্রভাষক মো:খালিদ হাসান, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং উপদেষ্টা ও সাবেক সভাপতি মো: রাসেল সরকার। এছাড়া সহযোগী প্রতিষ্ঠান পরিজন প্রাইভেট ফাউন্ডেশন–এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন ম্যানেজার জনাব সাব্বির আহমেদ এবং স্থানীয় কো-অর্ডিনেটর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাজু সরদার। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।


নবজাগরণ ফাউন্ডেশনের সভাপতি তাঁর বক্তব্যে বলেন, “নবজাগরণ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করে আসছে। গত বছরের ন্যায় এবারও পরিজনের সহযোগিতায় ৪০ জন শিশুর মাঝে ঈদের নতুন পোশাক বিতরণের মাধ্যমে তাদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে পেরে আমরা আনন্দিত এবং বিশেষভাবে পরিজন সংস্থার প্রতি কৃতজ্ঞ।”


তিনি আরও বলেন, ভবিষ্যতেও নবজাগরণ ফাউন্ডেশন সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও শিক্ষাভিত্তিক কার্যক্রম অব্যাহত রাখবে।


অনুষ্ঠানে নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা, সদস্য, শিক্ষকবৃন্দ এবং স্থানীয় অভিভাবকরা উপস্থিত ছিলেন।


------------------

(ঈশান মাহমুদ / নিজেস্ব প্রতিবেদক)