সিমাগো র‍্যাঙ্কিং-২০২৬: দেশে প্রথম মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
​বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান SCImago Institutions Rankings (সিমাগো) ২০২৬ সালের বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)।
​বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ বলেন, “এই অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। দায়িত্ব গ্রহণের পরপরই র‍্যাঙ্কিং-সংক্রান্ত একটি বিশেষ কমিটি গঠন করা হয়, যাতে গবেষণা, উদ্ভাবন ও একাডেমিক মানোন্নয়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়া যায়।”
​তিনি আরও বলেন, মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ততা বাড়াতে বিভিন্ন সুযোগ-সুবিধা সম্প্রসারণ করা হচ্ছে। একই সঙ্গে তুলনামূলকভাবে শিক্ষক-সংকট নিরসনেও উদ্যোগ নেওয়া হয়েছে।
​বিশ্ববিদ্যালয়ের Quality Review and Ranking Committee (QRRC)-এর আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান বলেন, “আমরা সবাই মিলে চেষ্টা করছি এই বিশ্ববিদ্যালয়টিকে একাডেমিক ও গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে। এই অর্জন বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল।”
​এই কমিটির সেক্রেটারি ও বিশ্ববিদ্যালয়ের প্রাইমারি রিসার্চ কন্টাক্ট অধ্যাপক ড. জিয়াউর রহমান বলেন, “কারিকুলামের আধুনিকায়ন, একাডেমিক কার্যক্রমের মানোন্নয়ন এবং সৎ ও দক্ষ শিক্ষক সংখ্যা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে আরও ভালো অবস্থান অর্জনের লক্ষ্য রয়েছে।”
​তিনি আরও জানান, বিশ্বের সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করে নিতে বর্তমানে পৃথক তিনটি টিম কাজ করছে। ইতোমধ্যে QRRC-এর প্রচেষ্টায় মাভাবিপ্রবি ‘টাইমস হায়ার এডুকেশন’ (Times Higher Education) আন্তর্জাতিক তালিকায় এবং ‘কোয়াককোয়ারেলি সাইমন্ডস’ (QS) এশিয়া র‍্যাঙ্কিং-এ প্রথমবারের মতো সম্মানজনক স্থান করে নিয়েছে।
​সিমাগো ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-এ চলতি বছরের তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের ১০ হাজার ৮২৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে স্থান পেয়েছে ৪৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়।
​সূচক ও মূল্যায়ন পদ্ধতি অনুযায়ী, সিমাগো গবেষণা (৫০%), উদ্ভাবন (৩০%) এবং সামাজিক প্রভাব (২০%)—এই তিনটি সূচকের ভিত্তিতে সামগ্রিক র‍্যাঙ্কিং নির্ধারণ করে। পাশাপাশি প্রতিটি সূচকে আলাদাভাবে অবস্থান প্রকাশ করা হয়। সিমাগো ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-এ এ বছর মাভাবিপ্রবি উদ্ভাবনে দেশে দ্বিতীয়, গবেষণায় সপ্তম এবং সামাজিক প্রভাবে চতুর্দশ অবস্থানে রয়েছে।

--------------
(মো: জিসান রহমান / মাভাবিপ্রবি প্রতিনিধি)