হবিগঞ্জ প্রতিনিধি :
আজ অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে বানিয়াচং কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ, বানিয়াচং উপজেলা শাখা। আজ শনিবার(২১ ফেব্রুয়ারি) সূর্যোদয়ের পর সকাল ৭:৩০ মিনিটে সংগঠনের নেতাকর্মীরা খালি পায়ে প্রভাতফেরি করে শহীদ মিনারে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী মহান ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। পরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং পুষ্পস্তবকে "শ্রদ্ধাঞ্জলি" লেখা সম্বলিত ফুলেল সাজে ভাষা শহীদদের প্রতি গভীর সম্মান জানানো হয়। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বাংলা ভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় সালাম, বরকত, রফিক, জব্বারসহ সকল শহীদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক, মানবিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে। মাতৃভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বিজ্ঞান আন্দোলন মঞ্চ বানিয়াচং উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মহান একুশের চেতনায় উজ্জীবিত হয়ে নতুন প্রজন্ম অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে অঙ্গীকারবদ্ধ হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।