মাভাবিপ্রবি প্রতিনিধি :
অস্বাস্থ্যকর জীবনযাপন ও খাদ্যাভ্যাসের কারণে ক্রমবর্ধমান কিডনি রোগের ঝুঁকি মোকাবিলায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে অর্থনীতি বিভাগের সেমিনার কক্ষে ‘এ গ্রয়িং পাবলিক হেলথ চ্যালেঞ্জ’ শিরোনামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ শিক্ষার্থীদের সুস্থ সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. মো. শহিদুল্লাহ কায়সার কিডনি সুরক্ষায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের পাশাপাশি জীবনযাত্রায় পরিবর্তনের পরামর্শ দেন।
রোটারি ক্লাব ও রোটার্যাক্ট ক্লাবের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।