মাগুরায় মসজিদভিত্তিক মক্তবের শিশুদের কুরআন শিক্ষায় উৎসাহিত করতে ৩৬টি মক্তবের মোট ২৭০ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনুল কারীমের প্রথম সবক প্রদান করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের হাতে কুরআন শরীফ, রেহেল ও প্রয়োজনীয় উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
শনিবার (৯ জানুয়ারি) দুপুরে মাগুরা জেলা মডেল মসজিদে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী দাওয়াহ ইনস্টিটিউট ও ইসলামিক অনলাইন মাদ্রাসা। উদ্যোগে সহযোগিতা করে এসো কুরআন শিখি ফাউন্ডেশন ও আদ দাওয়াহ ইসলামিক ফাউন্ডেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শাহ সাইফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আলী হাসান, মাওলানা মুশাহিদ আলী চমকপুরি, মাওলানা মুস্তাফিজ সালমান, মাওলানা জসিমুদ্দিন ও মাওলানা মুহিব্বুল্লাহ। এছাড়া আয়োজক কমিটির সদস্য, সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধি ও শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, শিশুদের মধ্যে কুরআন শেখার আগ্রহ বাড়ানো, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। তারা আশা প্রকাশ করেন, কুরআন শিক্ষা শিশুদের সৎ, আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।