আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কারাগারে থেকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি।
সোমবার (২৯ ডিসেম্বর) শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সালেক মূহিদের কাছে কুতুবুল্লাহর পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
এর আগে, গত ১৫ ডিসেম্বর মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে নিজ বাড়ি শ্রীপুরে ফেরার পথে নিজনান্দুয়ালী হাজরার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন মিয়ার ছেলে।
কুতুবুল্লাহর ছোট ভাই ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরিয়ত উল্লাহ রাজন অভিযোগ করে বলেন, কোনো মামলা ছাড়াই পুলিশ তার ভাইকে গ্রেপ্তার করেছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশায় তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, কিন্তু এমন ঘটনার কারণে গোপনে মনোনয়ন জমা দিতে হয়েছে।
তিনি আরও জানান, তাদের পরিবার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সঙ্গে সাংগঠনিকভাবে যুক্ত নয়। অতীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরিবারটি জনপ্রিয়তার প্রমাণ দিয়েছে। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে এবং উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে তারা বিজয়ী হয়েছেন।
রাজনের দাবি, আসন্ন নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে আগের মতো এবারও মাগুরা-১ আসনের মানুষ তাদের পাশে থাকবে।