মাগুরার শ্রীপুরে সরকারি খাল ভরাট করে মার্কেট ও বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে চৌগাছি গ্রামের আব্দুল জলিল বিশ্বাসের বিরুদ্ধে।
সরেজমিনে জানা যায়, দারিয়াপুর ইউনিয়নের গোয়ালদহ বাজারের পাশে পানি উন্নয়ন বোর্ডের সরকারি খালের মুখ বালু দিয়ে ভরাট করে নিজের ব্যবসা প্রতিষ্ঠান ও পাকা ভবন নির্মাণ করেছেন তিনি। খাল ভরাট হয়ে যাওয়ায় পানি প্রবাহ বন্ধ হয়ে পড়েছে। এতে সেচ কাজে বড় ধরনের সমস্যা তৈরি হবে বলে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা।
এলাকাবাসীরা জানান, পাকিস্তান আমল থেকে খালটির পানি কৃষকেরা সেচের কাজে ব্যবহার করে আসছেন। এখন খাল ভরাট হওয়ায় চাষাবাদে বড় ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
গোয়ালদহ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলসাফ পাইলট বলেন, খালের মূল সংযোগস্থল ভরাট করে মার্কেট নির্মাণ করায় পুরো খাল বন্ধ হয়ে গেছে। এতে কৃষকসহ এলাকাবাসী বিপাকে পড়েছে।
অভিযুক্ত জলিল দাবি করেন, পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েই বালু ফেলা হয়েছে। অভিযোগ এলে বালু সরিয়ে ফেলবেন।
তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ ছরোয়ার জাহান সুজন বলেন, এমন কোনো অনুমতি দেয়া হয়নি। খাল ভরাটের বিষয়টি তারা জানেন না। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
(মাগুরা জেলা প্রতিনিধি)