প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ঠেকানোর মতো কোনো শক্তি নেই বলেও তিনি মন্তব্য করেন।


তিনি বলেন, সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে এবং রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শেষ করেছে।


শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। তিনি দেশে ফিরবেন কি না, এটি তার ব্যক্তিগত ও দলের সিদ্ধান্ত।

জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে কি না—এ বিষয়ে শফিকুল আলম বলেন, জাতীয় পার্টি অতীতে স্বৈরাচারী সরকারের সহযোগী দল ছিল। দলটি এখন নিষিদ্ধ না হওয়ায় তারা চাইলে নির্বাচনে অংশ নিতে পারে, এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত।


জুলাইয়ের হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি আরও বলেন, জুলাই হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে—এটাই আমাদের শপথ ও অঙ্গীকার। চব্বিশের জুলাইয়ে অসংখ্য শিক্ষার্থী ও মানুষকে ফ্যাসিস্ট সরকার হত্যা করেছে, যার প্রমাণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উঠে এসেছে।


(মাগুরা জেলা প্রতিনিধি)