শাহরিয়ার খান নাফিজ হবিগঞ্জ:


হবিগঞ্জ জেলার বানিয়াচং-হবিগঞ্জ সংযোগ সড়কের রত্না নদীর ওপর অবস্থিত পুরনো স্টিলের ব্রিজে আবারও ঘটল বিপজ্জনক এক ঘটনা। আজ সকাল ৮টার দিকে একটি অতিরিক্ত পাথরবোঝাই ট্রাক ব্রিজ পার হওয়ার সময় ভারসাম্য হারিয়ে আটকে পড়ে। চাকার অংশ সেতুর স্টিলের পাটাতনে দেবে গিয়ে পুরো সেতু ক্ষতিগ্রস্ত হয়।


স্থানীয়রা জানান, ব্রিজটির ওপর ভারী যানবাহন চলাচলের নিষেধাজ্ঞা থাকলেও প্রায় প্রতিদিনই পাথর, বালু ও ইটবোঝাই ট্রাকগুলো এই সেতু ব্যবহার করছে। আজকের ঘটনায় সেতুর একাংশ দেবে যায় এবং ট্রাকটি ঝুঁকিপূর্ণভাবে এক পাশে হেলে পড়ে যায়। এতে প্রায় ঘণ্টার পর ঘন্টা উভয় পাশে তীব্র যানজট দেখা দেয়। রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল,সিএনজি এমনকি অ্যাম্বুলেন্সও আটকে পড়ে, ফলে রোগী পরিবহনেও ভোগান্তি দেখা দেয়।


এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, এই সেতুটি একমাত্র ভরসা বানিয়াচংবাসীর জেলা শহরে যাতায়াতের জন্য। রোগী, শিক্ষার্থী, কর্মজীবী—সবাই এই সড়ক ব্যবহার করে থাকেন। অথচ বছরের পর বছর ধরে ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি মেরামত করা হয়নি। বর্ষা মৌসুমে অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে।


স্থানীয় একজন বলেন, “প্রতিদিন এই ব্রিজ দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে। অথচ এই ব্রিজে কোনো নিয়ম মানা হয় না। প্রশাসনের নজরদারি ও একদম নেই বললেই চলে।”


সাধারণ মানুষের দাবি, দ্রুত এই ঝুঁকিপূর্ণ ব্রিজটি অপসারণ করে অবিলম্বে একটি কংক্রিটের নতুন ও টেকসই সেতু নির্মাণ করা হোক। যাতে দূর্ঘটনার ঝুঁকি কমে এবং জনজীবন স্বাভাবিক থাকে।