বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন।
আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মুনতাকীম মো. ইব্রাহিম জানিয়েছেন, সকালে রিয়াজ মিয়া পরিচয়ে পাসপোর্ট করতে আসেন এক যুবক। তার আচরণ ও বক্তব্যে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে তিনি কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছেন। পরে পুলিশকে জানানো হলে তারা এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
তিনি আরও বলেন, ওই যুবক উল্লাপাড়া উপজেলার পূর্ণিমা গাতী ইউনিয়ন পরিষদ থেকে ইস্যুকৃত একটি জন্মনিবন্ধন দিয়ে পাসপোর্ট করার চেষ্টা করেন। রোহিঙ্গারা যাতে বাংলাদেশি পাসপোর্ট করতে না পারে সে বিষয়ে অফিসের সবাই সতর্ক রয়েছেন।
সিরাজগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানিয়েছেন, আটক যুবকের নাম রিয়াজুল মোস্তফা। তিনি কুতুপালংয়ের ৬ নম্বর ক্যাম্পের বাসিন্দা। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ক্যাম্পাস প্রতিনিধি(সিরাজগঞ্জ)