মোঃ আব্দুর রহমান
কুড়িগ্রাম
কুড়িগ্রাম জেলার সদর উপজেলায় মানবিক সহায়তার অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে আর্ন এন লিভ। দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী ছেলেকে নিয়ে কষ্টে দিন কাটানো পঞ্চাশোর্ধ্ব গোলাপি বেগমের জীবনে নতুন আলো এনে দিয়েছে সংগঠনটি। আর্থিক সংকট পরিবারে ভরণপোষণের অভাব এবং ছেলের চিকিৎসার ব্যয় সামলাতে না পেরে তিনি মানুষের বাড়িতে কাজ করে কোনোমতে জীবন চালিয়ে আসছিলেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কাজ করার সক্ষমতা কমে যাওয়ায় তার জীবনে অনিশ্চয়তা আরও গভীর হয়ে ওঠে।
স্থানীয় ভলান্টিয়ারদের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে আর্ন এন লিভ কুড়িগ্রাম জেলা টিম দ্রুত তার পাশে দাঁড়ায়। প্রথম ধাপে গোলাপি বেগমকে এক মাসের খাদ্য সহায়তা দেওয়া হয়। কিন্তু দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন হওয়ায় আর্ন এন লিভের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন জেসির নির্দেশনায় তাকে স্বাবলম্বী করে তুলতে একটি গৃহপালন উপযোগী গরু প্রদান করা হয়।
গরু হাতে পেয়ে আবেগে অভিভূত হয়ে পড়েন গোলাপি বেগম। তার মুখে ফিরে আসে আশার হাসি নতুন করে জীবন শুরু করার দৃঢ়তা দেখা যায় তার চোখে। এই মানবিক সহায়তা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং সমাজে একটি অনুপ্রেরণামূলক উদাহরণ তৈরি করেছে।