হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার প্রাণকেন্দ্র বড়বাজারে প্রতিদিন হাজারো মানুষ কেনাকাটা ও ব্যবসায়িক কর্মকাণ্ডে জড়িত থাকলেও নেই কোনো পাবলিক টয়লেট বা স্যানিটেশন ব্যবস্থা। ফলে নারী, শিশু, বয়স্কসহ সর্বস্তরের মানুষকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।


এই বাজারটি বানিয়াচংয়ের সবচেয়ে বড় ও জনবহুল এলাকা। সকাল থেকে রাত অবধি চলে কেনাবেচা, আসা-যাওয়া করে হাজার হাজার মানুষ। তবে সামান্য প্রাকৃতিক প্রয়োজন মেটানোর মতো কোনো সরকারি শৌচাগার নেই। স্থানীয় বাসিন্দারা ও দোকানদাররা বিষয়টি নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করলেও কর্তৃপক্ষের কোনো সাড়া মিলছে না।


বাজারে আসা এক ক্রেতা জানান, “বাজারে আসলে কয়েক ঘণ্টা থাকতে হয়। কিন্তু টয়লেটের অভাবে অনেক সময় অসহায় পরিস্থিতিতে পড়তে হয় এবং বাড়ি ফিরে যেতে হয়।

নারীদের জন্য এটি আরও বেশি অস্বস্তিকর।”  


এক দোকানদার বলেন, “দিনভর দোকানে থাকি। কখনো প্রয়োজন হলে আশেপাশে কোনো টয়লেটের ব্যবস্থা নেই। এটা খুবই কষ্টকর।”


জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার জন্য যেখানে সুস্থ স্যানিটেশন অপরিহার্য, সেখানে এত বড় বাজারে টয়লেট না থাকা শুধু অমানবিকই নয়, প্রশাসনিক অবহেলারও প্রতিচ্ছবি।


স্থানীয় সচেতন মহলও বিভিন্ন সময় বারবার এই সমস্যার সমাধান চাইলেও এখনো কোনো দৃশ্যমান উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এলাকাবাসীর দাবি, দ্রুত বড়বাজার এলাকায় একটি আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ করা হোক।.

শাহরিয়ার খান নাফিজ