সোমবার (১৩ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সারাদেশের ছয়টি বেসরকারি কলেজের নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে উল্লাপাড়ার এইচ টি ইমাম ডিগ্রি কলেজসহ কয়েকটি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়,


টাঙ্গাইলের গোপালপুরের হাদিরা ভাদুরীরচর কলেজ এর নতুন নাম হাদিরা ভাদুরীরচর আব্দুস সালাম পিন্টু কলেজ।


সিরাজগঞ্জের উল্লাপাড়ার এইচ. টি. ইমাম ডিগ্রি কলেজ এর নতুন নাম উল্লাপাড়া ডিগ্রি কলেজ।


সিরাজগঞ্জের শাহজাদপুরের ঠুটিয়া ডিগ্রি কলেজ এর নাম পরিবর্তন করে ঠুটিয়া কলেজ করা হয়েছে।


বগুড়া সদরের ঠেঙ্গামারা আনসার হোসনে-আরা নৈশ মহাবিদ্যালয় এখন থেকে ঠেঙ্গামারা আনসার হোসনে-আরা মহাবিদ্যালয় নামে পরিচিত হবে।


কুড়িগ্রামের ফুলবাড়ীর খোলারহাট মহাবিদ্যালয় এর নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদ স্মৃতি কলেজ এবং


একই উপজেলার রাশেদ খান মেনন মহাবিদ্যালয় এর নাম পরিবর্তন করে দাশিয়ার ছড়া মহাবিদ্যালয় করা হয়েছে।


এর আগে, ২০১৮ সালের ১৪ মার্চ উল্লাপাড়া ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে এইচ টি ইমাম ডিগ্রি কলেজ করা হয়েছিল। প্রয়াত এইচ টি ইমাম ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা। তিনি ২০২১ সালের ৩ মার্চ মৃত্যুবরণ করেন।


উল্লেখ্য, ১৯৯৫ সালে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় উচ্চ মাধ্যমিক কলেজ হিসেবে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০০৯-২০১০ অর্থবছরে এটি ডিগ্রি পর্যায়ে উন্নীত করা হয়।


নাম পরিবর্তনের সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ পুরোনো নাম ফিরে পাওয়াকে ঐতিহ্যের পুনরুদ্ধার বলে অভিহিত করছেন।

মোঃ মেহেদী হাসান রিফাত 

ক্যাম্পাস প্রতিনিধি 

সিরাজগঞ্জ।