মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে দলটি। মঙ্গলবার (৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মাদারীপুর-১ আসনের মনোনয়ন আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওই আসনে কোনো প্রার্থী চূড়ান্ত নয় বলে জানানো হয়।


এর আগে, বিএনপি থেকে কামাল জামান মোল্লাকে মাদারীপুর-১ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছিল। মনোনয়ন স্থগিতের এ ঘোষণায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ সিদ্ধান্তকে দলের কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ এ ঘটনায় হতাশা প্রকাশ করেছেন।


দলীয় সূত্রে জানা গেছে, শিগগিরই ওই আসনে নতুন প্রার্থী ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বিএনপির উচ্চপর্যায়।

মাদারীপুর শিবচর প্রতিনিধি।

সাগর কর্মকার।