বিশিষ্ট শিক্ষক ও লেখক ইফতেখার মাহমুদের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে দেশের অন্যতম বেসরকারী বিশ্ববিদ্যালয় সাউথইস্ট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ।ইফতেখার মাহমুদ ২০০৫-২০১৩ সাল পর্যন্ত সাউথইস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের সহকারী অধ্যাপকের দ্বায়িত্ব পালন করেন ।তিনি গত ৩০ অক্টোবর বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।অনেক অল্প বয়সেই এই প্রথিতযশা ব্যক্তির মৃত্যু হলো ।
শিক্ষকতা ও আইন পেশার পাশাপাশি তিনি ছিলেন একজন কীর্তিমান কথাসাহিত্যিক ।তাঁর রচিত উল্লেখযোগ্য বইসমূহের মধ্যে রয়েছে- কথা আর গল্পের জীবন, হে দিগ্বিদিক হে অদৃশ, শিকড়ে শাখায় মেঘে, হুমায়ুন আহমেদের ভঙ্গুর ও ভঙ্গুরতা, কথা কাগজে ও অনুপস্থিত ।
ইফতেখার মাহমুদ সর্বশেষ বেসরকারী বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক ছিলেন ।
একইসঙ্গে সুপ্রীম কোর্টে আইনজীবী হিসেবেও নিয়োজিত ছিলেন তিনি ।
একজন বিসিএস ক্যাডার হয়েও প্রশাসনিক চাকুরী ছেড়ে শিক্ষকতার মতো মহান পেশা এবং লেখালেখির মতো সৃজনশীল কাজে নিমগ্ন ছিলেন ইফতেখার মাহমুদ । জনপ্রিয় এই আইনের শিক্ষকের মৃত্যুতে আইনজীবী, শিক্ষার্থী ও আইন অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া ।
একসময়ের নিয়মিত শিক্ষক হিসেবে নিযুক্ত থাকায় অন্যান্য সকলের মতো দেশের স্বনামধন্য বিদ্যাপীঠ সাউথইস্ট ইউনিভার্সিটির কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থীসহ অনেকেই দুঃখ প্রকাশ করেছেন তাঁর মৃত্যুতে ।সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শ্রদ্ধা ও শোক প্রকাশ করেছেন অনেকে ।
তাসকিন ইমরান খান,
সাউথইস্ট বিশ্ববিদ্যালয় প্রতিবেদক