চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ (চবি) সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫-২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে ২০২০-২১ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ইসমাইল হোসেন সিরাজী, সাধারণ সম্পাদক পদে একই শিক্ষাবর্ষের দর্শন বিভাগের শিক্ষার্থী হারুন অর রশিদ এবং সাংগঠনিক সম্পাদক পদে ২০২১-২২ শিক্ষাবর্ষের আরবি বিভাগের শিক্ষার্থী আজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

বুধবার (২২ অক্টোবর) সংগঠনটির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাঈম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিন সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নিজের অনুভূতি প্রকাশ করে নবনির্বাচিত সভাপতি ইসমাইল হোসেন সিরাজী বলেন, “এটা আমার কাছে যেমন গর্বের, অন্যদিকে অনেক বড় দায়িত্বও বটে। আমাদের প্রিয় শিক্ষকবৃন্দ, সিনিয়র, জুনিয়র—সবার পরামর্শ এবং ঐক্যবদ্ধভাবে এসোসিয়েশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।”

সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, “আমি আমাদের সাতক্ষীরা থেকে আগত সকল শিক্ষার্থীর জন্য এমন একটা স্থান বানাতে চাই, যেখানে ৫০০ কিলোমিটার দূর থেকে এসে তারা মনে করবেন পরিবারের সাথেই আছেন। চবিতে একটা ভ্রাতৃত্ব এবং বন্ধনের আদর্শ সংগঠন হিসেবে আমরা এক বছর পর এটা রেখে যেতে চাই।”

সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম বলেন, “এই পদ আমার জন্য গর্ব ও আত্মতুষ্টির নয়; বরং একটি মহান দায়িত্ব, যা জবাবদিহিতার অন্তর্ভুক্ত। সংগঠনের প্রতিটি সদস্যই আমার শক্তি, আমার প্রেরণা। ঐক্য, সম্প্রীতি ও শৃঙ্খলাই হবে আমাদের চালিকাশক্তি। একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে সদস্যদের নিয়ে সমষ্টিগত প্রচেষ্টায় গড়ে তুলব আরও দৃঢ়, সচল ও প্রগতিশীল সংগঠন।”