মাদারীপুর শিবচর প্রতিনিধি।

সাগর কর্মকার।

মাদারীপুরের শিবচরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ইলিশ ধরা ও বিক্রির ধুম। পদ্মা নদীর বিভিন্ন ঘাটে সকাল থেকে রাত পর্যন্ত চলছে ইলিশ বেচাকেনার উৎসব। প্রশাসনের কঠোর নজরদারি ও মৎস্য বিভাগের অভিযান সত্ত্বেও থামছে না এই অবাধ বাণিজ্য।

সরেজমিনে দেখা গেছে, শিবচরের কুতুবপুর, কাঁঠালবাড়ী, বন্দরখোলা, বহেরাতলা ও চরজানাজাত ঘাট এলাকায় প্রতিদিনই জেলেরা গোপনে ইলিশ ধরছে। পরে ভোররাতে স্থানীয় পাইকারদের কাছে বিক্রি করা হচ্ছে। বাজারে ৭০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি ইলিশ।

স্থানীয়রা জানান, প্রশাসনের অভিযান এড়িয়ে রাতের অন্ধকারে ইলিশ ধরা হচ্ছে। অনেকে নদীপথে ছোট নৌকায় মাছ সংগ্রহ করে অন্য এলাকায় পাচার করছে।

এ বিষয়ে শিবচর উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, “আমরা প্রতিদিন নদীতে অভিযান চালাচ্ছি। বেশ কিছু জাল ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে। তবে কিছু অসাধু ব্যক্তি সুযোগ নিচ্ছে রাতের অন্ধকারে।”

উল্লেখ্য, প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারাদেশে ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু নিষেধাজ্ঞার মাঝেও শিবচরের পদ্মাপাড়ে ইলিশ বেচাকেনা যেন উৎসবের রূপ নিয়েছে।