চবি প্রতিনিধি
নোয়াখালীতে দারসুল কুরআন অনুষ্ঠানে হামলার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের মাঝে উন্মুক্ত কুরআন বিতরণ করেছে শাখা ছাত্রশিবির। পাঁচ হাজার পবিত্র কুরআন বিতরণের উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
গতকাল সকাল ১১টা থেকে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ কুরআন বিতরণ কার্যক্রম পালিত হয়। এসময় শিক্ষার্থীদের মাঝে উন্মুক্ত বিনামূল্যে কুরআন বিতরণ করা হয়েছে।
চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস ঐশী বলেন, “আমি মুসলিম হিসেবে কুরআন পড়তে পারি না এটা আমার দুর্বলতা। আজকে ছাত্রশিবিরের উদ্যোগের ফলে আমি কুরআন নিতে পারছি। এর মাধ্যমে আমি কুরআন পড়ার সুযোগ পেয়েছি।”
রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাইমুদ্দিন বলেন, “সকলের কাছেই অর্থসহ কুরআন থাকে না। এখানে অর্থসহ কুরআন বিতরণ করা হচ্ছে এটা অবশ্যই ভালো একটি উদ্যোগ। এ ধরনের উদ্যোগের প্রশংসা করা উচিত।”
এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, “আমাদের এ কর্মসূচির আয়োজন পূর্বেই নেওয়া হয়েছিল। চাকসুর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে এজন্য করা হয়নি। নির্বাচন পরবর্তী সময়ে আজকে আমরা কুরআন বিতরণ করছি। তবে আজকে শুরু করার কারণ হলো গতকাল (রবিবার) দারসুল কোরান চলাকালে আমাদের ভাইদের উপর বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতারা হামলা করেন তার প্রতিবাদ স্বরূপ আমাদের আজকে কোরান বিতরণ কর্মসূচি শুরু করা। আমরা মনে করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর মাঝে আমরা একটি কুরআন পৌঁছে দিতে পারব। আমাদের সর্বমোট ৫ হাজার কফি কুরআন বিতরণের টার্গেট রয়েছে।
শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, “আমাদের এ ধরনের উদ্যোগ নতুন কিছু নয়। আমরা বিগত সময়েও এ ধরনের উদ্যোগ নিয়েছি। আমরা গতবছর ৩ হাজারের অধিক কুরআন বিতরণ করেছি। আমাদের হাতে ৫ হাজার কুরআন আছে, আজকে আমরা সেগুলো বিতরণ করব যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ বিতরণ চলবে। যদি শিক্ষার্থীদের প্রয়োজন পড়ে আমরা আরও কুরআন নিয়ে আসব শিক্ষার্থীদের জন্য।”
ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম বলেন, “আমাদের আজকের উন্মুক্ত কুরআন বিতরণ কর্মসূচিতে শিক্ষার্থীদের যথেষ্ট পরিমাণে সাড়া পেয়েছি। আমাদের এ কর্মসূচি পূর্বেই ঘোষণা করা হয়েছিল, চাকসুর কারণে বিলম্ব করে আজকে বিতরণ করা হচ্ছে।” তিনি আরও বলেন, “গতকাল নোয়াখালীতে দারসুল কুরআন অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। আমরা সেটির নিন্দা ও প্রতিবাদ স্বরূপ আজকে কুরআন বিতরণ করছি।”
উল্লেখ্য, চলতি সপ্তাহের গত রবিবার নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর এলাকার একটি মসজিদে ইসলামী ছাত্রশিবির আয়োজিত দারসুল কোরান আলোচনা চলাকালে ছাত্রদল, যুবদল ও জাতীয়তাবাদী আর্দেশের নেতা-কর্মীরা হামলা চালায় বলে জানা গেছে। এ ঘটনায় ৩০ জনের অধিক জামায়াত ও শিবির নেতাকর্মী আহত হন। হামলার নিন্দা জানিয়ে চবি শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে এমন আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন শিবির নেতারা।