আব্দুর রহমান
২০২৫ সালের আলিম পরীক্ষার ফলাফলে উপজেলায় শীর্ষস্থান অর্জন করেছে নাগেশ্বরী কামিল মাদ্রাসা। মোট ৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭ জন কৃতকার্য হয়েছে এবং ১ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার দাঁড়িয়েছে ৯৫ শতাংশে।
এ বছর কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার অন্যান্য মাদ্রাসাগুলোর তুলনায় নাগেশ্বরী কামিল মাদ্রাসা ফলাফলে এগিয়ে রয়েছে। মাদ্রাসাটির ধারাবাহিক সাফল্য শিক্ষক ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও নিয়মিত পাঠদানের ফল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ফলাফল ঘোষণার পর মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের জোয়ার নেমে আসে। প্রতিষ্ঠানটি উপজেলায় দীর্ঘদিন ধরেই ভালো ফলাফলের ঐতিহ্য ধরে রেখেছে।
উল্লেখ্য, এ বছর উপজেলাজুড়ে মোট ১৭৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১৪৬ জন কৃতকার্য হয়েছে এবং গড় পাসের হার ৮৪.৮৫ শতাংশ। নাগেশ্বরী কামিল মাদ্রাসা সর্বোচ্চ পাসের হার অর্জন করায় শিক্ষার্থী ও অভিভাবকরা গর্ব প্রকাশ করেছেন।
মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষার্থীদের এই সাফল্যে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেছেন এবং ভবিষ্যতেও আরও ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।