আশিকুর রহমান রনি; পঞ্চগড় প্রতিনিধি:

জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত শান্তিপূর্ণ  এমপিওভুক্ত শিক্ষক সমাবেশে পুলিশের হামলার ঘটনায় সারাদেশের শিক্ষক সমাজে ক্ষোভের ঝড় উঠেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পঞ্চগড় সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কলেজের শিক্ষকেরা সমাবেশ করেছেন। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা জেলা শহরের প্রাণকেন্দ্র চৌরঙ্গী শহিদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। পরে সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  সমাবেশে বক্তারা  বলেন, এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের শিকার হয়ে আসছেন। আমাদের দাবী তো অযৌক্তিক ছিলনা, আমরা মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া হিসেবে দাবী করেছি কিন্তু সরকার হাস্যকরভাবে, ৫০০ টাকা বৃদ্ধি করেছে যা শিক্ষক সমাজের জন্য চরম লজ্জার ও অপমানের।উপস্থিত বক্তারা চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে ১৫০০ টাকা এবং কর্মচারী ও শিক্ষকদের উৎসব ভাতা ৭৫% করার দাবীও জানান। সমাবেশে বক্তারা বলেন, দেশের শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে পুলিশি হামলা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক। শিক্ষকরা জাতির বিবেক, তাদের ওপর এমন দমননীতি সরকারের স্বৈরাচারী মনোভাবেরই বহিঃপ্রকাশ।




বক্তারা সতর্ক করে বলেন, শিক্ষক সমাজকে দমন করে কোনো সময় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়। দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনের দায়িত্ব যাদের কাঁধে, তাদের সঙ্গে এমন আচরণ শিক্ষার প্রতি সরকারের উদাসীনতারই প্রমাণ।